শনিবার, ১৩ জুন ২০২৬

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন বলেন, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীসহ ৩৬ আসামির সবার বিরুদ্ধে হওয়া মামলাটিতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে সাক্ষ্য দিয়েছেন।

গ্রেপ্তার থাকা ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণের পরের দিন ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

এর আগে গত ১১ মার্চ এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেদিন সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছিল।

গত ৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেন।

গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এই মামলায় অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।

গত বছরের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ মামলাটি করেছিলেন। দুই আসামি মারা যাওয়ায় তাদের মামলা থেকে বাদ দেয়ার সুপারিশ করা হয় অভিযোগপত্রে। তাছাড়া তদন্তে আরও ৭ জনের বিরুদ্ধে তথ্য পাওয়ায় তাদের নাম যুক্ত করা হয় অভিযোগপত্রে। মামলার মোট আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩৬ জন।

পূর্বতারা / ইউডি

ভিডিও