পুলিশের নজর এড়িয়ে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ‘সন্ত্রাসী’ বড় সাজ্জাদের দুই সহযোগী। তারা হলেন- মোবারক হোসেন ইমন ও বোরহান উদ্দিন। তাদের বিরুদ্ধে বাকলিয়া জোড়া খুন মামলা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে পুলিশের খাতায়। জোড়া খুনের মামলায় গত ১ ফেব্রুয়ারি ছয় সপ্তাহের জন্য জামিন পেয়েছেন এই দুই সন্ত্রাসী। আদেশটি গত ২৯ মার্চ বাকলিয়া থানায় আসার পর জামিনের বিষয়ে জানতে পারে পুলিশ।
বিষয়টি স্বীকার করে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, আমরা তাদের গ্রেপ্তারে সবরকম চেষ্টায় রয়েছি। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এরপরও তারা জামিন পেয়েছেন। আমরা চেষ্টা করব তারা যেন চট্টগ্রামের আদালত থেকে জামিন না পায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে এলোপাতাড়ি গুলি করে প্রাইভেট কারে থাকা বখতিয়ার হোসেন (৩০) ও মো. আবদুল্লাহকে (৩২) হত্যা করে। ঘটনার পরদিন ৩১ মার্চ থানায় মামলা হয়। এ মামলায় মোবারক ও বোরহান এজাহারভুক্ত আসামি।
সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ওরফে ইমন ফটিকছড়ির কাঞ্চননগরের মো. মুসার ছেলে। বাকলিয়ার জোড়া খুন ও ঢাকাইয়া আকবর হত্যাসহ সাত মামলার আসামি তিনি। বোরহানের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভুঁইয়া জানান, এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।