বুধবার, ১৭ জুন ২০২৬

অনৈতিক নিয়োগ থাকলে পর্যালোচনা করা হবে: চবি উপাচার্য

চবি প্রতিনিধি

প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ০৮:০৭

কোনো অনৈতিক নিয়োগ হয়ে থাকলে তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত কাউকে আতঙ্কগ্রস্ত করতে চাই না। তবে সন্দেহজনক তালিকা সংগ্রহ করে সেগুলো খতিয়ে দেখা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমার কোনো সন্তান চবিতে আবেদন করবে না। নিয়োগে ব্যক্তিত্ব, মনন ও যোগ্যতার সমন্বয় নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, জুলাই-বিরোধী কাউকে কোনো ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে না। যারা আমাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ-সুবিধা আমি দেব না।

দলীয় প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের ভিসি হতে চাই না; আমি গণমানুষের ভিসি হতে চাই। কারো সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকলে সেটিকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই।

ড. ফোরকান বলেন, প্রথমত বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এক্সিলেন্সে ফিরিয়ে আনা; দ্বিতীয়ত শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে সম্পর্ক উন্নয়ন করা; এবং তৃতীয়ত গবেষণার মানোন্নয়নে জোর দিতে চাই।

মতবিনিময় সভায় চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. রাব্বি হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল এবং কার্যনির্বাহী সদস্য শামীম হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও