শনিবার, ১৩ জুন ২০২৬

চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদ, গ্রেফতার ১

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, অপরাধীর কোনো দল নেই, তাদের পরিচয় একটাই—অপরাধী। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

চাকসুর নেতারা অভিযোগ করেন, অতীতেও এ ধরনের হামলার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, প্রশাসনের নীরবতা সন্ত্রাসীদের উৎসাহিত করছে। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে এ ঘটনায় ১ নম্বর আসামি জালাল উদ্দিন মুন্নাকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাকসু নেতারা গ্রেপ্তারকে স্বাগত জানালেও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে মাসুম বিল্লাহর ওপর হামলা হয়। পূর্বের একটি সড়ক দুর্ঘটনা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ভিডিও