একমাত্র ঢাকা ছাড়া চট্টগ্রামসহ দেশের কোন জেলাতেই হামের নমুনা পরীক্ষার ল্যাবরেটরি নেই। হামের সংক্রমণ বাড়লেও নমুনা পরীক্ষায় ঢাকার ন্যাশনাল পোলিও এন্ড মিজেলস ল্যাবরেটরিই অন্ধের যষ্টি। আর এতে করে ঢাকার ল্যাবটিতে নমুনা জটের সৃষ্টি হচ্ছে। জটের কারণে রিপোর্ট পেতেও হচ্ছে বিলম্ব। আর রিপোর্টের অভাবে সঠিক সময়ে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। এমন অবস্থায় হামের উপসর্গ নিয়ে রোগী মারা যাচ্ছে।
এই ক্রান্তিকালে চট্টগ্রামে হামের নমুনা পরীক্ষায় একটি ল্যাবরেটরি স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে হাম রোগীর তথ্য সংগ্রহ কার্যক্রম তদারককারী কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন বলেন, ঢাকায় অবস্থিত ন্যাশনাল পোলিও এন্ড মিজেলস ল্যাবরেটরি (এনপিএমএল) ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোন ল্যাব নেই। তাই সারাদেশের নমুনা পরীক্ষার জন্য ঢাকাতেই পাঠানো হচ্ছে। অন্তত চট্টগ্রামে একটি ল্যাব স্থাপন করা আজ সময়ের দাবি। সরকারের এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করি।
জানা গেছে, ন্যাশনাল পোলিও এন্ড মিজেলস ল্যাবরেটেরি (এনপিএমএল) আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত পরীক্ষাগার। এই ল্যাবে ইপিআই থেকে প্রাপ্ত নমুনার ভাইরোলজিক্যাল অনুসন্ধানের জন্য সেরোলজি, সেল কালচার, ভাইরাস আইসোলেশন এবং পিসিআর-মলিকিউলার সিকোয়েন্সিংয়ের সুবিধা রয়েছে। পোলিও এবং নন-পোলিও এন্টারো ভাইরাস শনাক্তকরণের জন্য এটিকে জাতীয় রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে মনোনীত করা হয়েছে।
হাম, রুবেলা এবং জন্মগত রুবেলা সিন্ড্রোম শনাক্তকরণের ক্ষেত্রেও এনপিএমএল একটি রেফারেন্স ল্যাবরেটরি। এটি জলাতঙ্ক, এইচআইভি, ডেঙ্গু, কোভিড-১৯, হাম, রুবেলা, জাপানিজ এনসেফালাইটিস এবং ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সেরোলজিক্যাল এবং ভাইরোলজিক্যাল গবেষণার সাথেও জড়িত।
এই ল্যাবরেটরিটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ল্যাব নেটওয়ার্কের সদস্য হিসেবেও কাজ করে এবং ইউএস-সিডিসি, আটলান্টা, আরআরএল-ব্যাংকক ও ইআরসি, ইন্ডিয়ার সাথে এর নিয়মিত রেফারেল ব্যবস্থা রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে আজ সকাল ১০টা পর্যন্ত ৭ জনের হাম ও ১ জনের মধ্যে রুবেলার সংক্রমণ পাওয়া গেছে। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এই সময়ে ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর ৭৫ জন হামের লক্ষণযুক্ত রোগীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম।