চট্টগ্রামে হামের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। জেলায় এ পর্যন্ত মোট ৮ জন হামের রোগী নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, শনাক্তকৃত ৮ জন রোগীর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় রয়েছেন ৬ জন। এর মধ্যে একজন রুবেলা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন। অন্যদিকে, জেলার ১৫টি উপজেলা থেকে আরও ২ জন হামের রোগী শনাক্ত করা হয়েছে।
জেলায় বর্তমানে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ২৯ জন, যাদের সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। এ পর্যন্ত মোট ৭৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ৩৫টি এবং বিভিন্ন উপজেলা থেকে ৪০টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, হাম রুবেলার চিকিৎসায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। হাম রুবেলা শনাক্ত হলে সিভিল সার্জন কার্যালয়ে জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। বাংলাদেশ হামমুক্ত দেশ নয়, তবে টিকা কর্মসূচির কারণে হামের প্রকোপ কমে এসেছিল। চলতি মাসে হামে দেশে ৪১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।