চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এএফ রহমান হল এলাকায় ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় হলের পশ্চিম পাশের বৈদ্যুতিক খুঁটির সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। তবে ঘটনার ১০ ঘণ্টা পরও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না হলটির প্রভোস্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রায় ৫–১০ মিনিট স্থায়ী ছিল। এ সময় আগুনের তীব্রতা ও ঝলকানিতে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে।
এএফ রহমান হল সংসদের দপ্তর সম্পাদক কামরুল হাসান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করে হলের পেছনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিভে গেলেও মুহূর্তটি খুব আতঙ্কজনক ছিল।
হল সংসদের সহ-সভাপতি (ভিপি) কাজী শাহরিয়ার জানান, ঘটনার পর প্রকৌশল দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীরা সকাল থেকে কাজ করছেন। তবে বিদ্যুৎ সংযোগ কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী কায়সার উদ্দিন আহমেদ বলেন, হলের পাশের বৈদ্যুতিক সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হয়নি। এটি মেরামতের কাজ চলছে এবং শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দুপুর আড়াইটার দিকে এএফ রহমান হলের প্রোভোস্ট ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন জানান, তিনি এ বিষয়ে তখন পর্যন্ত অবগত ছিলেন না। পরে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।