জ্বালানি তেল নিয়ে পেট্রোলপাম্পে আর করতে হবে না ছুটোছুটি। মোবাইলে একটি মাত্র ক্লিকেই আপনি পেয়ে যাবেন কোন ফিলিং স্টেশনে কি পরিমাণ তেল মজুত আছে বা নেই তার সঠিক তথ্য। ফটিকছড়ির ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) এমন একটি প্রয়োজনীয় ওয়েবসাইট তৈরি করে দেশজুড়ে আলোচিত হয়েছেন এক যুবক।
‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামে এই ওয়েবসাইট তৈরি করেছেন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু। তার বাড়িও চট্টগ্রামের ফটিকছড়ি। তার তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাচ্ছে তেল সংক্রান্ত সব তথ্য। কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে, কোথায় তেল নেই এবং মজুতের সর্বশেষ তথ্য।
ইনজামাম অপু বলেন, স্থানীয় মানুষের সুবিধার্থে তাঁর উদ্যোগে এবং ফটিকছড়ি ডটকমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে। এতে সহায়তা করছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন। হাজার হাজার ক্রেতা ও সাধারণ মানুষ এ প্রযুক্তি ব্যবহার করে সেবা নিচ্ছেন। যার ফলে ভোগান্তি কমছে মানুষের এবং সাশ্রয়ী হচ্ছে সময়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বর্তমান সময়ে এই সিস্টেম সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে, ভোগান্তি কমছে। সহজেই তথ্য পাচ্ছে সবাই। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন।