না ফেরার দেশে চলে গিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও দেশের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ। বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসা চলাকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী। তিনি বলেন, আজ বেলা ১১টায় জামিয়াতুল ফালাহ মসজিদে তার প্রথম জানাজা হয়। পরবর্তীতে বাদ আসর উজির আলি চৌধুরি মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
১৯৫১ সালের ১ মে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল এলাকায় ড. আনোয়ারুল আজিমের জন্ম। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী জান্নাতুন্নেছা ও তিন পুত্রসন্তান রেখে গেছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের উচ্চশিক্ষা খাতে বহুমাত্রিক অবদান রেখে গেছেন। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালে সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিকম ও এমকম সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ফিলিপাইনে গমন করেন এবং ১৯৮২ সালে ফিলিপাইন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনের সূচনা ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ধাপে ধাপে উন্নীত হয়ে ২০০১ সালে উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পর্যায়েও সম্মানিত হন। ‘দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’ থেকে ২০১২ সালে এশিয়ার ‘বেস্ট বি-স্কুল অ্যাওয়ার্ড’-এ ‘বেস্ট প্রফেসর ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট’ সম্মাননা লাভ করেন।
একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।