বুধবার, ১৭ জুন ২০২৬

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ পরিবার পেল নতুন ঘর

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:০০

রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ২০ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ৫টি জরাজীর্ণ ঘর সংস্কার এবং শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে রাঙামাটি রিজিয়ন ও জুরাছড়ি জোনের উদ্যোগে উপজেলার অসহায় ও গৃহহীন পরিবারগুলোর মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক নবনির্মিত ও সংস্কারকৃত ঘরসমূহ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন। এ সময় জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, স্থানীয় হেডম্যান, কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোন (২ বীর)-এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এর আওতায় ২০টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ, পাঁচটি পরিবারের পুরোনো ঘর সংস্কার এবং প্রতিটি ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সমতলের তুলনায় এই অঞ্চল অনেক পিছিয়ে রয়েছে। এলাকার উন্নয়ন হলে এখানকার ছেলে-মেয়েরা শিক্ষিত হয়ে ভবিষ্যতে উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে দায়িত্ব পুলিশকে দিয়ে সেনাবাহিনী সীমান্তে ফিরে যেতে চায়। তবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

নতুন ঘর পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে। তারা এ মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিও