সোমবার, ১৫ জুন ২০২৬

পাহাড়ে পানির তীব্র সংকট, বিশুদ্ধ পানি বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:৪১

পাহাড়ি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে ফাল্গুন-চৈত্র মাসে পাহাড়ের ঝর্ণা ও ছড়াগুলো শুকিয়ে গেলে পাহাড়ে বসবাসকারী অনেক পরিবারকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

এমন পরিস্থিতিতে পাহাড়ি মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) থেকে শুরু হওয়া কার্যক্রমের প্রথম দিনে চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক সংলগ্ন সাপছড়ি যৌথ খামার ফুরোমোন এলাকায় প্রায় ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এতে স্থানীয় পাহাড়ি পরিবারের মানুষ উপকৃত হন।

স্থানীয়রা জানান, শুকনো মৌসুমে পাহাড়ি ঝর্ণা ও ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় পানির সংকট তীব্র হয় এবং অনেক সময় কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চাকমা জানান, পাহাড়ি জনগোষ্ঠীর পানির কষ্ট বিবেচনায় রেখে পর্যায়ক্রমে আরও বিভিন্ন এলাকায় এ ধরনের পানি বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ভিডিও