বুধবার, ১৭ জুন ২০২৬

‌‘দস্তগীরে’ নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:২৩

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি, ক্ষতিকর রাসায়নিক, কেওরা জল ও কৃত্রিম রং ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম নগরের মোমিন রোড এলাকার হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে নানা অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এই জরিমানা করা হয়।

অভিযানে হোটেল দস্তগীরের রান্নাঘর ও খাবার প্রস্তুতকরণ স্থানে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, অনিরাপদভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্ষতিকর রাসায়নিক ও কেওরা জল ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, ‘অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক, কেওরা জল ও কৃত্রিম রং ব্যবহারের অপরাধে হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও