বুধবার, ১৭ জুন ২০২৬

আদালতে দোষ স্বীকার করেছেন ইরার খুনি বাবু শেখ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ০৫:০৯

সীতাকুন্ডের ইকোপার্কে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাঈমা আফরিন হিমার আদালতে এই জবানবন্দি গ্রহণ করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবু শেখ ইরাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু জানান, নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইরার হত্যাকারী আসামি বাবু শেখ। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী তারিখে মামলার চার্জশিট দাখিলের জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন আদালত। তবে এ মামলার দ্রুত বিচারের স্বার্থে মামলার তারিখ এগিয়ে আনা গুরুত্বপূর্ণ। এ নিয়ে বাদিপক্ষের মতামতের ভিত্তিতে আদালতে আবেদন করা হবে। বাদিপক্ষ যদি সম্মতি দেয় তাহলে আগামীকাল আদালতে আবেদন করা হবে।

আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১২টার সময় পুলিশি প্রহরায় ইরা হত্যাকান্ডের মূল আসামি বাবু শেখকে আদালতের জেল হাজতে হাজির করা হয়। এজলাস শুরু হলে তাকে কাঠগড়ায় আনা হয়। এরপর বিচারকের সামনে আসামি বাবু শেখ নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ভুক্তভোগী শিশু ইরা ধর্ষণেরও শিকার হয়েছিল।মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এদিকে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ গতকাল মঙ্গলবার ইরার হত্যাকারী বাবু শেখকে গ্রেপ্তার করে।

ভিডিও