একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুবিধাবঞ্চিত পথশিশু কিশোর-কিশোরীদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা ও ভাষা সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস এবং শিক্ষাবাদী সংগঠন এক টাকায় শিক্ষা।
আয়োজকেরা জানান, কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য বর্ণপরিচয় ও ভাষা সচেতনতা বিষয়ক পাঠচক্র, আবৃত্তি প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং পুরস্কার প্রদান করা হয়।
এ সময় আয়োজকদের মধ্যে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান সুমন বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত এসব শিশু-কিশোরদের নিয়ে সকালে আলাদাভাবে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়।
ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর আনিশা বলেন, আমাদের ‘এক টাকায় শিক্ষা’ সংগঠনের মাধ্যমে শিশুদের নিয়মিত পড়াশোনা করানো হয়। পাশাপাশি তাদের নৈতিক আচরণবিধি সম্পর্কেও সচেতন করা হয়।
আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, একুশে মহান মাতৃভাষা দিবসে সবাই শহিদ মিনারে ফুল দেয়—এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আমরা ভেবেছি, এর বাইরেও কিছু করা যায় কি না। সে ভাবনা থেকেই ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজন।