বুধবার, ১৭ জুন ২০২৬

ফুলের সঙ্গে দুর্বৃত্তের এ কেমন শত্রুতা!

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯

চট্টগ্রামের লোহাগাড়ায় ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী ফুলের বাগান রাতের আঁধারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেঁদিরপুনি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলবাগানের মালিক হেমাঙ্গ বড়ুয়া জানান, উপজেলা কৃষি অফিসের পরীক্ষামূলক উদ্যোগে তেল উৎপাদনের লক্ষ্যে তিন বছর ধরে তিনি বাড়ির পাশের ১০ শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে আসছেন। আগের বছরের ধারাবাহিকতায় চলতি বছরও একই জায়গায় বাগানটি করেন তিনি।

তিনি বলেন, ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক পথচারী বাগানে এসে ফুল ধরে ছবি তুলতেন। তবে অনেকে ফুল ছিঁড়ে নিয়ে যেতেন। গত সোমবার ছবি তুলতে অনুমতি দিলেও ফুল ছিঁড়তে নিষেধ করি। সম্ভবত এ কারণেই কেউ ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে পুরো বাগানের গাছ ভেঙে ফেলেছে। বিষয়টি আমাকে ভীষণ কষ্ট দিয়েছে।

হেমাঙ্গ বড়ুয়া আরও জানান, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-কৃষি কর্মকর্তার আন্তরিকতায় তিনি সূর্যমুখী চাষে উৎসাহ পেয়েছেন। তিনি একজন জাত কৃষক হিসেবে সবজি, পেঁয়াজ, ধানসহ বিভিন্ন ফসলের চাষ করে থাকেন। কিন্তু দুঃখজনকভাবে অনেক মানুষ সুন্দর ও ভালো উদ্যোগের মূল্য দিতে জানে না।

এ ব্লকের উপ-কৃষি কর্মকর্তা টিটু চক্রবর্তী বলেন, সরকারি প্রণোদনার আওতায় এই সূর্যমুখী চাষ করা হচ্ছিল। প্রতি বছরই হেমাঙ্গ বড়ুয়া এ চাষ করে আসছিলেন। সৌন্দর্যের পাশাপাশি তেল উৎপাদন ও পারিবারিক চাহিদা পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। সকালে বাগানটি ভালো অবস্থায় ছিল, কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো ভেঙে দেয়।

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, ঘটনাটি জানার পর উপ-সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভবিষ্যতে হেমাঙ্গ বড়ুয়াকে দিয়ে আরও বড় পরিসরে সূর্যমুখী চাষের পরিকল্পনা রয়েছে। সরকারি প্রণোদনা এলে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ভিডিও