অস্থায়ী ও খণ্ডকালীন শিক্ষকদের বাদ দিয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে একদল শিক্ষার্থী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিও পালন করে।
এ বিষয়ে কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা মিনা বলেন,আমাদের কলেজে পূর্বে যারা ছিলেন তারা খুব বন্ধুসুলভ ছিলেন। তারা ১০-১২ বছর আমাদেরকে পড়িয়েছে। তাদেরকে হঠাৎ করে বহিষ্কার করে নতুন শিক্ষক নিয়োগ দেয়ায় আমরা আন্দোলনের করছি।
মানবিক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ অহি বলেন, প্রধান অধ্যক্ষের নিয়োগও সম্পূর্ণ অবৈধ। ইউজিসির কাছে নিয়োগ বাতিলের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু আমাদের আবেদন উপেক্ষা করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে অধ্যক্ষকেও অপসারণ করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অস্থায়ী শিক্ষকরা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা শিক্ষক নয়। তারা খণ্ডকালীন বা অস্থায়ী শিক্ষক হিসেবে ছিলেন। কোন যোগ্যতা বা অভিজ্ঞতা বলে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এমন কোন তথ্য আমাদের কাছে নেই। আইন অনুযায়ী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যে জিপিএ দরকার তা কর্মরত শিক্ষকদের ছিল না। তবুও তাদের জন্য আবেদন যোগ্যতা শিথিল করা হয়েছে। তারা লিখিত পরীক্ষায়ও কোয়ালিফাই করতে পারেনি। ফলে ভাইবা ও প্রেজেন্টেশন থেকে তারা বাদ পড়ে।