চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তিন আসামির পক্ষে জেরা সম্পন্ন হয়েছে। অন্য আসামির পক্ষে বাদীকে জেরা করার জন্য আইনজীবীরা আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। তবে মামলার বাদী আলিফের বাবা জামাল উদ্দিনের অভিযোগ, এ মামলাটিকে দীর্ঘসূত্রিতা করতে আসামিপক্ষ সময়ের আবেদন করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে এ মামলার বিচার শেষ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জাহিদুল হকের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। আগামী ৯ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, মামলার ৩ আসামি দুর্লভ দাশ, রুমিত দাশের আইনজীবী বাদীকে জেরা করেন। একই সাথে অপর আসামি রাজীব ভট্টাচার্য সরাসরি মামলার বাদীকে জেরা করেন। অন্য আসামিদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী জেরা করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন জানান।
এ ব্যাপারে বাদীর আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আসামিপক্ষ বারবার জেরার জন্য সময়ের আবেদন করছেন। আজ আসামি দুর্লভ দাশ ও রুমিত দাশের আইনজীবী বাদীকে জেরা করেছেন। অন্যদিকে আরেক আসামি রাজীব ভট্টাচার্য নিজেই বাদীকে জেরা করেন। আসামিপক্ষ জেরার মাধ্যমে সময় ক্ষেপণের চেষ্টা করছেন।
মামলার বাদী ও আইনজীবী আলিফের পিতা জামাল উদ্দিন বলেন, মামলাটিকে দীর্ঘসূত্রিতা করতে আসামিপক্ষ জেরার জন্য সময় চেয়ে আদালতে আবেদন করেছেন। আমি ছেলে হত্যার ন্যায়বিচার চাই। বিচার কার্যক্রমটি যেন দ্রুত শেষ হয় সেটাই আমার দাবি।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এরপর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।