বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সরকারি বিবৃতিতে বলা হয়, পারস্পরিক সুবিধাজনক সময়ে তারেক রহমানকে পাকিস্তানে আসতে আমন্ত্রণ জানান দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতিনিধিত্বকারী হিসেবে ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন পরিকল্পনামন্ত্রী ইকবাল। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তার নির্বাচিত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান তিনি।
সাক্ষাতের সময় উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। ইকবাল বৈঠকের সময় আঞ্চলিক সংযোগ উন্নত করতে এবং দক্ষিণ এশিয়ার জন্য একটি ভাগ করা ভূ-অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির জন্য ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’ তৈরির প্রস্তাবও করেন মন্ত্রী।