বুধবার, ১৭ জুন ২০২৬

বিএনপির ৮ সাংসদ সাবেক চবিয়ান

আব্দুল্লাহ আল নাঈম

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ৮ জন সাংসদই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এদের মধ্যে ৭ জন সাংসদ চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়েছেন। আরেক চবিয়ান বিজয়ী হয়েছেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা থেকে।

বিজয়ী প্রতিনিধিদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ​চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী চবি’র হিসাববিজ্ঞান বিভাগ থেকে এমকম ডিগ্রিধারী।তবে আপিল বিভাগে তার নামে মামলা চলন্ত থাকায় আদালত আসনটির ফলাফল স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি চবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

​কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিজয়ী বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ চবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র।
​কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জয়লাভ করা বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী চবির সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী।

এছাড়া, ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এরমধ্যে নির্বাচিত বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন চবি’র রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুও ছিলেন রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী।

অন্যদিকে, লক্ষ্মীপুরের দুইটি আসনেও বিজয়ী হয়েছেন চবি’র সাবেক দুই শিক্ষার্থী। আসন দুটির মধ্যে ​লক্ষ্মীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন চবি’র সাবেক শিক্ষার্থী ও বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। লক্ষ্মীপুর-৪ আসনে চবি’র দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজাম ধানের শিষ প্রতীকে বিজয়ী হয়েছেন।

তাছাড়া, ময়মনসিংহ বিভাগের ​নেত্রকোণা-৩ আসনের বিজয়ী বিএনপির প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী চবি’র ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি চবি ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং মন্ত্রণালয়গুলোতে বিচরণ করছে, কাজ করছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের।

চবি’র সাবেক শিক্ষার্থী নির্বাচিত এ সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ছাত্ররা যেখানেই যাক না কেন, তারা ন্যায্যতা ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালন করুক। জনগণের কাঙ্খিত স্বপ্ন পূরণে দায়িত্ব পালন করে দেশের কল্যাণে কাজ করুক। এতে করে দেশ-বিদেশে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুখ আরও উজ্জ্বল হবে।

ভিডিও