বুধবার, ১৭ জুন ২০২৬

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে দাবি জানাবে বিএনপি সরকার— দ্য ইন্ডিপেন্ডেন্ট

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪

শপথ নেওয়ার আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সম্প্রতি ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দি ইনডিপেন্ডেন্ট’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হুমায়ুন কবির নতুন সরকারের এই কূটনৈতিক পরিকল্পনার কথা জানান।

গণমাধ্যমটিকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পরপরই টিউলিপসহ সেখানে অবস্থানরত ‘দণ্ডিত অপরাধীদের’ প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক তালিকা ও আবেদন জমা দেওয়া হবে।

সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, ‘তাঁরা (হাসিনা ও টিউলিপ) দুজনেই এখন বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত অপরাধী। আমাদের বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে তাঁদের অনুসরণ করছে এবং আমরা এই ন্যায়বিচার নিশ্চিত করতে পিছু হটব না।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘যুক্তরাজ্য সরকারকে অপরাধীদের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের জন্য একটি “বিব্রতকর বিষয়”। আমরা আশা করি, ব্রিটিশ সরকার সেসব আওয়ামী লীগ “সন্ত্রাসী” ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, যারা লন্ডনে বসে অর্থ পাচার ও বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। আমরা খুব শিগগির এমন অপরাধীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ব্রিটিশ সরকারের হাতে তুলে দেব।’

হুমায়ুন কবির আরও যোগ করেন, ‘আমরা তাদের বাংলাদেশে ফেরত চাই। প্রত্যর্পণের ক্ষেত্রে আমরা চাই, যুক্তরাজ্য সরকার এই অপরাধীদের চিহ্নিত করুক।’

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বর্তমানে কোনো সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে হুমায়ুন কবির এই সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে বলেন, ‘যদি আমরা অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্যের একটি শক্তিশালী অংশীদার হতে পারি, তবে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরার ক্ষেত্রে যুক্তরাজ্য কেন ভিন্ন আচরণ করবে? দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থেই অপরাধীদের ফেরত দেওয়া উচিত।’

এদিকে, টিউলিপ সিদ্দিক তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দল ব্রিটিশ লেবার পার্টিও এক বিবৃতিতে বলেছে, ‘টিউলিপ সিদ্দিক এই মামলায় ন্যায্য আইনিপ্রক্রিয়ার সুযোগ পাননি এবং অভিযোগের বিস্তারিত তাঁকে জানানো হয়নি। তাই আমরা এই রায়কে স্বীকৃতি দিই না।’ টিউলিপের দাবি, বাংলাদেশের ‘নোংরা রাজনীতি’ তাঁকে তাঁর নির্বাচনী এলাকার কাজ থেকে বিচ্যুত করতে পারবে না।

ভিডিও