নির্বাচনে জয় পরাজয় থাকবে। কিন্তু নির্বাচনের পর বিজয়ী বা বিজিত উভয় প্রার্থীর মধ্যে সম্প্রীতি,সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকা উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী সেই উদারতা স্থাপন করলেন। বেসরকারি ভাবে জয়ী হওয়ার পর তিনি মিষ্টি নিয়ে গেলেন হাজির হলেন পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতের আনোয়ার সিদ্দিকী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তিনি আনোয়ার সিদ্দিকীর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিকীর খোঁজখবর নেন। তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। সেইসাথে আগামী দিনে এলাকার উন্নয়নে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন। কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখার আহবান জানান।
এসময় আনোয়ার সিদ্দিকী বলেন, আসলাম ভাই আমার বড়ভাই। আমি ছোটভাই। এলাকার উন্নয়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আসলাম চৌধুরীকে মন্ত্রী হিসেবেও পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উভয় নেতা পরস্পরকে মিষ্টিমুখ করান।