কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন এবার পরিণত হয়েছে সম্মান, অভিজ্ঞতা ও নতুনত্বের এক জটিল লড়াইয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা সভাপতি ও জেলা জামায়াত আমিরের মুখোমুখি অবস্থান ভোটের উত্তাপ বাড়িয়েছে।
জানা গেছে, ভৌগোলিক, রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই আসনে নাফ নদী, মায়ানমার সীমান্ত, সেন্ট মার্টিন দ্বীপ, পাহাড়ি এলাকা ও ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থী উপস্থিতি ভোটকে করে তুলেছে স্পর্শকাতর।
এই আসনে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা প্রধান আকর্ষণ। বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন সাবেক হুইপ ও চারবারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন চারবারের ইউপি চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী।
মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন, যেখানে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৮০৩, নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৮৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। সংখ্যাগত দিক থেকে নারী ভোটাররা প্রায় সমান হওয়ায় ভোটের মাঠে তাদের প্রভাব বড় ফ্যাক্টর।
প্রার্থীরা পুরুষ ভোটারদের অবস্থান অনেকটা অনুমান করতে পারলেও নারী ভোটারদের মন জয় করতেই সর্বোচ্চ জোর দিচ্ছেন। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং ধর্মীয় ও শান্তিপ্রিয় পরকালীন প্রতিশ্রুতি।
স্থানীয় বর্ষীয়ান রাজনীতিবিদদের মতে, আওয়ামী লীগের ভোটব্যাংক যেদিকে যাবে, সেদিকেই আসনটিতে বড় ভোটের ঢেউ তৈরি হতে পারে। শাহজাহান চৌধুরীর দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মকাণ্ড ও সাংগঠনিক সক্রিয়তা তাকে এগিয়ে রাখলেও অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারীর তৃণমূল সংযোগ ও শেষ মুহূর্তের প্রচারণা তাকে শক্ত অবস্থানে রেখেছে।