জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দুর্গম ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে এ কার্যক্রম শুরু হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, দুর্গম পাহাড়ি পথ ও যাতায়াতের ঝুঁকির কারণে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে ব্যালট সামগ্রী ও নির্বাচন কর্মকর্তাদের সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বলেন, হেলিকপ্টারযোগে যেসব কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে সেগুলো হলো; দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রসঙ্গত, রাঙামাটি-২৯৯ আসনে এবার ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন। দুর্গম ভোটকেন্দ্রগুলোকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।