সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামের নির্বাচনী এলাকাগুলোতে পৌঁছে গেছে সকল নির্বাচনী সামগ্রী। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম’ চালু করা হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজ বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ অপারেন্স কমান্ড ও কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য নেমে পড়েছে চট্টগ্রামের মাঠে। তাছাড়া চট্টগ্রামের নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য ৬৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অপরাধসমূহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করার লক্ষ্যে ৩১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এর আগে প্রার্থীদের আচরণবিধি মনিটরিংয়ে প্রতিটি সংসদীয় আসনের জন্য ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। সব মিলে চট্টগ্রামে ১৪২ জন জুডিসিয়াল ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন দায়িত্বে থাকা ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টিকে অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুমের আওতায় কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। জেলার ১৭টি থানার সব ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রিয়েল-টাইমে টিমগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডিওর্ন ক্যামেরা অনলাইনে সংযুক্ত রয়েছে। কন্ট্রোল রুম থেকে সরাসরি এসব ক্যামেরার কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজন হলে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানায় পুলিশ।

ডিজিটাল অপারেশনাল ম্যাপে জেলার ১৩টি সংসদীয় আসনের মোট ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্রের অবস্থান (লাল, হলুদ ও সবুজ শ্রেণি) চিহ্নিত করা হয়েছে। এতে ভোটকেন্দ্রের নাম, অবস্থান, ঝুঁকির মাত্রা, প্রকৃতি এবং সংশ্লিষ্ট থানার দূরত্বের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

চট্টগ্রামের ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১৫ প্রার্থী। চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এবার ত তীয় লিঙ্গের ভোটার ৭০ জন।

ভিডিও