চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি অন্তর্বর্তী সরকারের মেয়াদে হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন । নির্বাচনের পরে রাজনৈতিক সরকারের সময়ে তা হতে পারে।
গতকাল রোববার বিকালে ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, কন্টেনার ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির খসড়া বিনিময় করেছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, নিউমুরিং কন্টেনার টার্মিনাল সংক্রান্ত চলমান আলোচনার অগ্রগতিতে ডিপি ওয়ার্ল্ড সন্তুষ্ট। এখন পর্যন্ত আলোচনার যে অগ্রগতি হয়েছে ডিপি ওয়ার্ল্ড তার প্রশংসা করেছে। ডিপি ওয়ার্ল্ড আমাদের জানিয়েছে যে, তারা ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট (চুক্তির খসড়া) গ্রহণ করেছে এবং বিস্তারিতভাবে রিভিউ করবে। তারা কিছু সময় চেয়েছে, বাস্তবিকভাবে দেখলে হাতে খুব বেশি কার্যদিবস নেই।