রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের আতাহার আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১

দুই আম্পায়ারের পর এবারের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি থাকছেন একজন ধারাভাষ্যকারও। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকার আতহার আলী খান বিশ্বকাপে ধারাভাষ্য করবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিভি ও ডিজিটাল সম্প্রচারে তারকাখচিত ধারাভাষ্য প্যানেলের নাম আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে শুক্রবার। সেখানে আছে আতহারের নাম।

৬৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন দুই যুগের বেশি সময় ধরে। বাংলাদেশের বিভিন্ন সিরিজ ছাড়াও আইসিসি আসরগুলোয় ধারাভাষ্য কক্ষে তার উপস্থিতি ছিল নিয়মিত। তার পরও এবারেরটি উল্লেখযোগ্য, কারণ নিরাপত্তা শঙ্কায় ভারত সফরে যেতে না চাওয়ায় বাংলাদেশ দলই বাদ পড়ে গেছে বিশ্বকাপে।

দল না থাকলেও বাংলাদেশের দুই আম্পায়ার এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেলের বিশ্বকাপে থাকা আগেই নিশ্চিত করেছিল আইসিসি।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার আট ভেন্যুতে ছয়টি প্রোডাকশন ক্রু দল সম্প্রচার কাজে নিয়োজিত থাকবে। ৪৫টি পর্যন্ত ক্যামেরা থাকবে মাঠে। সব মিলিয়ে ৭২০ জন ব্রডকাস্ট কর্মী কাজ করবেন গোটা আসরকে দর্শকদের সামনে তুলে ধরতে।

ভারত ও শ্রীলঙ্কায় এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার।

ভিডিও