রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আন্দোলনকারী সেই ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদের তদন্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনকারী চট্টগ্রাম বন্দর থেকে বদলি করা সেই ১৫ কর্মচারীর এবার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ তদন্ত করে ব্যবস্থা নিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা চিঠিতে এ অনুরোধ করা হয়। পাশাপাশি বিষয়টি তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দাকে (এনএসআই) চিঠিতে অনুরোধ করা হয়।

চিঠিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ১৫ জন হলেন- চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের সমন্বয়ক মো. হুমায়ুন কবির, সমন্বয়ক ও শ্রমিক দল নেতা মো. ইব্রাহিম খোকন, মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবির, মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো. শামসু মিয়া, মো. লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রাব্বানী।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপিওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে তিনদিন আট ঘণ্টা করে এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠকে বসেন নৌপরিবহন উপদেষ্টা (অব.) ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৈঠকে আন্দোলনকারীদের দাবি পূরণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। তবে নৌ উপদেষ্টা দাবি পূরণের আশ্বাস দেয়ায় দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

ভিডিও