ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলার নির্বাচনি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এতে বলা হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলার নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের কাজে নিয়োজিত যানবাহন, জরুরি সেবাদানকারী গাড়ি, ওষুধ ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রী পরিবহন, বিমানবন্দরগামী যাত্রীবাহী গাড়ি এবং নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এ ছাড়া জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও নিষেধাজ্ঞা শিথিলযোগ্য থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।