রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবির টহল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সজাগ রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় টহল টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বায়েজিদ লিংক রোডে টহল দিতে দেখা যায় বিজিবির সদস্যদের। এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

বিজিবির রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহামুদুল হাসান বলেন, নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন অফিসের তথ্যমতে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার জাতীয়তাবাদি দল-বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি ও জাতীয় পার্টিসহ মোট ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের প্রচারণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বিজিবি টহল শুরু করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তির হাওয়া বইছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ পেয়ে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে।

ভিডিও