নিম্নজীবী দুস্থ রোজাদারদের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারো ‘১ টাকায় রোজার বাজার’ কর্মসূচির আয়োজন করেছে। চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রতিদিন হাজারো পরিবারের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নগরীর বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।
তিনি বলেন, অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া সামর্থ্যবান প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক কর্তব্য। বিদ্যানন্দ’র আজকের এই “এক টাকায় রোজার বাজারে” এসে আমার মনে হচ্ছে শায়েস্তা খার আমল ফিরে এসেছে। অভাবী মানুষজন এখান থেকে ১ টাকা দিয়ে হাজার টাকার অধিক পণ্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছে। এই আইডিয়া অভাবনীয় প্রশংসার দাবি রাখে। বিদ্যানন্দ থেকে দেখে যদি সমাজের অন্যান্য বিত্তবানেরা মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আমি বিশ্বাস করি”
বিদ্যানন্দ’র বাজারে ১ কেজি চাল ১ টাকায়, ১ কেজি ছোলা ২ টাকায়, ১ ডজন ডিম ১.৫ টাকায়, ১ লি: তেল ৩ টাকায় কিংবা ১ টি মুরগী ৪ টাকায় পাওয়া যাচ্ছে। যদিও তারা মাত্র ১ টাকা দিয়ে ১০ টি টোকেন মানি পাচ্ছেন, যেটি দিয়ে তারা বিভিন্ন কাউন্টারে গিয়ে বাজার করতে পারছেন। বাজারের সিস্টেম বুঝিয়ে দিতে পযাপ্ত স্বেচ্ছাসেবী কাজ করছে।
বিদ্যানন্দ’র গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিন বলেন, রমজান মাসকে বলা হয় “সহমর্মিতার মাস”। এক মাসের রোজা পালনের দ্বারা রোজাদার ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে সক্ষম হয়। এর ফলে তার অন্তরে আর্ত-পীড়িত ও ব্যথিত মানব-গোষ্ঠীর প্রতি সহমর্মিতা জাগে। রোজাদারের উচিত তার এই জাগ্রত সহানুভূতিকে কাজে লাগানো এবং তাদের ব্যথা উপশমে ভূমিকা রাখা। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও তার স্বেচ্ছাসেবী দাতারা সেই কাজটিই বছরের পর বছর করে যাচ্ছে। আজকেই এই বাজারে ৫০০ শতাধিক দরিদ্র পরিবার ১ টাকা দিয়ে কমপক্ষে ১০০০ টাকার নিত্যপন্য নিয়ে যেতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, মেয়রের একান্ত সচিব জিয়া উদ্দিন, গনমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।