রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে উধাও মিরসরাইয়ের শিক্ষার্থী

পূর্বতারা ডেস্ক

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩

মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে পূজা দাস নামে এক শিক্ষার্থী উধাও হয়ে গেছে। সোমবার ২ ফেব্রুয়ারি বিকাল থেকে ওই শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

তবে ওই শিক্ষার্থীকে পাওয়া না গেলেও শিক্ষকরা থানায় অভিযোগ করে বাকিদের নিয়ে মীরসরাই ফিরে গেছেন বলে অভিযোগ উঠেছে।

পূজা রানী উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনু ভূইয়াপাড়া এলাকার অপু দাশের মেয়ে। তারা একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, গত রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১টায় ১৫০ জন শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীসহ ১৭৫ জন তিনটি বাসে আবুতোরাব উচ্চ বিদ্যালয় থেকে কক্সবাজারের উদ্দশ্যে রওনা দেন। সেখান থেকে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ফেরার উদ্দেশ্যে সবাইকে বাসে উঠার নির্দেশনা দেয়া হয়। সেখানে তিনটি বাসে ৪/৫ জন না উঠলে তাদের ডেকে এনে বাসে উঠান শিক্ষা সফরে দায়িত্বে থাকা শিক্ষকরা। সবশেষ পূজা দাশ নামের দশম শ্রেণির একজন শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তাকে না পেয়ে শিক্ষকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন। এবং সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ করে আসেন।

ওই শিক্ষার্থীর বাবা অপু চন্দ্র দাশ বলেন, স্কুল থেকে পিকনিকে গেছে কক্সবাজার। কিন্তু প্রধান শিক্ষক গেলো না। তিনি এখন পর্যন্ত আমাদের সাথে কোন যোগাযোগও করেননি। যাকে দায়িত্ব দিয়েছেন সহকারী শিক্ষক রতন বাবু তিনিও নাকি আসার সময় পথি মধ্যে নেমে যান এতোগুলো ছেলে মেয়েকে রেখে। একজন শিক্ষক আমাকে ফোন করে বলে পূজাকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম আপনারা স্কুলের দায়িত্বে নিয়ে গিয়েছেন, আবার আপনাদের দায়িত্বে আমার মেয়েকে ফেরত দিবেন। দায় নিতে না পারলে আপনারা পিকনিকে কেন নিয়ে গেলেন। এমন দায়িত্বহীন কাজ কিভাবে করলেন।

এ বিষয়ে শিক্ষা সফরে দায়িত্বে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু রতনের কাছে জানতে চাইলে তিনি দায় এড়িয়ে ফোন রেখে দেন।

পরবর্তীতে এ ব্যাপারে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তারকে ফোন দিলে তিনি ঝামেলায় আছেন বলে ফোন রেখে দেন।

‎উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে। উনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভিডিও