চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং শ্রমিক নেতাদের গণবদলি প্রত্যাহারের দাবিতে আন্দোলন আরো কঠোর রূপ নিয়েছে। চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসহাক ডিপো টোল প্লাজা চত্বরে আয়োজিত ‘বন্দর অবরোধ’ কর্মসূচি ও সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তরা বলেন, আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে।
বক্তারা অভিযোগ করেন, আন্দোলন দমাতে শ্রমিক নেতাদের অন্যায্যভাবে গণবদলি করা হয়েছে এবং অনেকের আইডি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। অবিলম্বে এসব আইডি সচল করার আলটিমেটাম দেওয়া হয়। বন্দরের কথিত দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগে বন্দর চেয়ারম্যান ও বিডা চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে সংহতি জানান সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ইব্রাহিম হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।