রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফটিকছড়িতে ভোটকেন্দ্রে সিসিটিভিসহ নির্বাচনী সরঞ্জাম চুরি

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০

ফটিকছড়িতে নির্বাচন কমিশনের স্থাপিত সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ও শনিবার রাতের যে কোনো সময়ে উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ১০৫ নম্বর ভোটকেন্দ্র থেকে এসব সরঞ্জাম চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরার এনভিআর, রাউটার, মনিটর, আইপিএস, ব্যাটারি, কম্পিউটারের মাউস ও কীবোর্ড, সাউন্ড বক্স, একটি ব্যাংকের চেক বই এবং বিদ্যালয়ের ঘণ্টা। এছাড়া প্রয়োজনীয় কিছু নথিপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, নৈশপ্রহরীর অবহেলার কারণে এ ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরীকে থানায় নিয়ে যান।

নানুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুল আলম জানান, চোরের দল মনিটর ও সিসিটিভিসহ সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। এ সময় কেন্দ্রের ভেতরে ভাঙচুরও হয়েছে। ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে বিষয়টি অবগত করেছেন এবং ইউএনও মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, এটি একটি চুরির ঘটনা এবং এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি কম্পিউটার ও ল্যাপটপও চুরি হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, বিদ্যালয়ের অধ্যক্ষকে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিও