রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে জনগণের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে বিএনপি: আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপি একটি উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দল একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে। গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে দেশের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছে বিএনপি। প্রতিটি সংকটময় মুহূর্তে বিপর্যস্ত জাতিকে বারবার রক্ষা করেছে এই দল। আগামীতেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশ ও জনগণের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের চেরাগি পাহাড় মোড়, রাজাপুকুর লেইন, হাজারী গলি ও টেরিবাজার এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করেন, তাদের দোয়া ও সমর্থন চান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগে বিপুলসংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আবু সুফিয়ান বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা হবে। বর্তমানে কেউ কেউ নতুন নতুন বয়ান দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের উচিত সর্বাগ্রে আয়নায় নিজেদের চেহারা দেখা এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে পড়া। ইতিহাসে কার কী ভূমিকা ছিল, তা ভালোভাবে জানা দরকার।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছি। ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকব। যতদিন বেঁচে থাকব, ততদিন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে ও নিঃসংকোচে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রামকে একটি বাসযোগ্য, শান্তিময় ও নিরাপদ শহরে পরিণত করব।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু। বক্তব্য রাখেন বিএনপি নেতা ইউসুফ সিকদার, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক আলাউদ্দিন আলী নুর, সদস্য সচিব ওসমান গণি, এম এ হামিদ, হেলাল চৌধুরী, আলী মর্তুজা খান, যুগ্ম আহাবয়ক কলিম উদ্দিন, সৈয়দ আবূল বশর, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী. নুরুল আলম, জাহাঙ্গীর রেজা, আবুল কালাম, জসিম উদ্দিন, বিশ্বজিৎ বাবু, জসিম উদ্দিন সাগর, মঈনুদ্দিন খান রাজিব, মো. হেলাল প্রমুখ।

ভিডিও