বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে এবার জনগণ লাল কার্ড দেখাবে। এছাড়া দাঁড়িপাল্লায় ভোট দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, যাদের বগলের তলে ঋণ খেলাপি, তারাই নাকি দেশকে দুর্নীতিমুক্ত করবে—এটা জনগণ আর বিশ্বাস করে না।
তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই পরিবর্তনের পথেই এগোচ্ছে।
তিনি আরও বলেন, আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাপ হবে না—ইনশাআল্লাহ। এ সময় তিনি বিভিন্ন আসনের প্রার্থীকে জনতার সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।
নির্বাচনকে ক্ষমতার নয়, দিক পরিবর্তনের নির্বাচন উল্লেখ করে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধের ঘোষণাও দেন তিনি।
এর আগে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সকালে কক্সবাজারে পৌঁছান জামায়াত আমির। সফরের শুরুতে তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। পরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি বড় জনসভায় যোগ দেন।
জনসভায় ১১ দলীয় জোটের পক্ষে জাগপা নেতা রাশেদ প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, ডাকসু নেতা এস এম ফরহাদসহ কক্সবাজার জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা উপস্থিত ছিলেন।