রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দর

আন্দোলন দমনে শ্রমিকদের তালিকা— আঙুল জামায়াতের দিকে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২

চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত ১৮০ শ্রমিকের একটি তালিকা তৈরি করা হয়েছে; জামায়াতের লোকজনের সহযোগিতায় এ তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ শ্রমিক দলের নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহারের। তার দাবি, এই তালিকা তৈরিতে জামায়াতের লোকজন সহযোগিতা করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক সেক্রেটারি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এ অভিযোগ করেন।

তিনি জানান, বন্দর রক্ষার আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক-কর্মচারীদের মধ্যে অন্তত ১৮০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যা ইতোমধ্যে কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) এই তালিকা প্রস্তুত করা হয় বলে তারা জানতে পেরেছেন। তালিকাভুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের চার নেতাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

নুরুল্লাহ বাহার অভিযোগ করে বলেন, ‘আমরা জানতে পেরেছি জামায়াতের লোকজনের সহযোগিতায় এই তালিকা তৈরি করা হয়েছে। বিষয়টি সন্দেহজনক, কারণ আগে জামায়াত চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিরুদ্ধে কথা বললেও এখন তারা নীরব ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘হয়তো আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার আমলে নেওয়া সিদ্ধান্ত বলেই জামায়াত নীরবে এই ইজারার উদ্যোগকে সমর্থন দিচ্ছে।’

চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘হার্ড লাইনে’ যেতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিক দল নেতা। এর অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে বন্দর এলাকায় সভা, সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

তবে এসব তালিকা ও হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না জানিয়ে নুরুল্লাহ বাহার বলেন, ‘আমরা এসব তালিকাকে পাত্তা দিচ্ছি না। আর মাত্র ১২–১২ দিন পর নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। তখন সবকিছুর আইনানুগ জবাব দেওয়া হবে।’

এদিকে, চট্টগ্রাম বন্দরে মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নগর পুলিশ। তবে সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা নিষেধাজ্ঞার বাইরে থাকছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সই করা এ গণবিজ্ঞপ্তির কথা জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

ভিডিও