রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ঘিরে সহিংসতার পেছনে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব— বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৮

নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তার বেশিরভাগই একই দল বা সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন সময়ে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইন্টারনেট খোলা থাকবে এবং জনগণ তথ্য পাওয়ার সুযোগ পাবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মুখ একেবারে খোলা। সত্য কথা প্রকাশ করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি সত্য তথ্য তুলে ধরতে না পারেন, তাহলে জনগণ সঠিক তথ্য থেকে বঞ্চিত হবে। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক এবং সত্য কথা বলুক।

অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে এই সুযোগ ছিল না। তখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। এখন যে হারে আপনারা প্রশ্ন করতে পারছেন, এভাবে আগে পারতেন না। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, সেগুলো রোধ করার দায়িত্ব শুধু সরকারের নয়, গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে।

এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। তাদের প্রস্তুতি ভালো এবং পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ভিডিও