আজ থেকে শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। আজ থেকে ধ্বনিত হবে অমর সঙ্গীতের অমিয় বাণী। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করা সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক শহীদের স্মৃতিকে এ মাসে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে বাঙালি জাতি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে।
বাংলার দামাল ছেলেদের এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, যখন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
বাঙালি জাতির জন্য ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, বরং ভাষার প্রতি ভালোবাসার অঙ্গীকার ও আত্মত্যাগের গর্বের স্মারক।
এদিকে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রামে প্রথম দিবস থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে সাংস্কৃতিক সংগঠনগুলো। সন্দীপনা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আজ রোববার সকাল ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
বিকাল ৫টায় টিআইসি হলে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। কর্মসূচি সফল করতে সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি রওশন আরা চৌধুরী ও সাধারণ সম্পাদক ভাস্কর ডি কে দাশ মামুন আহ্বান জানিয়েছেন।