চট্টগ্রাম-১০ সংসদীয় আসন ও তৎসংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান। শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সময় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম-১০ একটি জনবহুল এলাকা হলেও এখানে মানসম্মত ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনও পর্যাপ্ত নয়। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। যা সময় ও অর্থ—দুটোরই অপচয় ঘটায়। নির্বাচিত হলে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকায় একটি আধুনিক, পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো।
তিনি আরও বলেন, প্রস্তাবিত হাসপাতালে জরুরি বিভাগ, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় তিনি বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার। মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত চিকিৎসা পায়, সেটিই আমার অঙ্গীকার।
স্থানীয় বাসিন্দারা সাঈদ আল নোমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে পুরো এলাকার স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।