রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে থাকবেন বাংলাদেশের দুই আম্পায়ার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:০২

বাংলাদেশ দল বিশ্বকাপে না গেলেও এদেশের অন্তত দুজন প্রতিনিধি থাকছে এবারের বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত আম্পায়ার তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা। বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি আগেও। গাজী সোহেল এবারই প্রথমবার ম্যাচ পরিচালনা করবেন ছেলেদের ক্রিকেটের বিশ্বমঞ্চে।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলেও শরফুদ্দৌলা ও গাজী সোহেল যে যাচ্ছেন, সেটি গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। আইসিসি শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তালিকা।

প্রাথমিক পর্বের ম্যাচগুলি পরিচালনার জন্য ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারকে চূড়ান্ত করেছে আইসিসি।

সাবেক বাঁহাতি স্পিনার শরফুদ্দৌলা এখনও পর্যন্ত ৭৫ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন, যেখানে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি ৫৪ ম্যাচে। গাজী সোহেল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন ৪০ টি-টোয়েন্টি, টিভি আম্পায়ার হিসেবে ১৯টি।

শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের লড়াই পরিচালনা করবেন কুমার ধার্মাসেনা ও ওয়েইন নাইটস।

শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন ধার্মাসেনা টি-টোয়েন্টি বিশ্বকাপেই পরিচালনা করেছেন ৩৭ ম্যাচ। এর মধ্যে ছিল ২০১৬ ও ২০২২ আসরের ফাইনালও। নিউ জিল্যান্ডের নাইটসের বিশ্বকাপ অভিষেক হবে এবারই। উদ্বোধনী ম্যাচটি হবে তার ৫০তম টি-টোয়েন্টি। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারদের তালিকা জানানো হবে যথাসময়ে।

ভিডিও