রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বান্দরবানের পানি সংকটের স্থায়ী সমাধানে কাজ করবেন বিএনপির সাচিং প্রু জেরী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৭

পার্বত্য জেলা বান্দরবানের পানি সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সাচিং প্রু জেরী। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে জেলার মানুষের প্রধান সমস্যা পানি সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংবাদ সংস্থা বাসসের সাথে একান্ত সাক্ষাৎকারে সাচিং প্রু জেরী এসব কথা জানান। তিনি বলেন, বান্দরবান জেলায় চারটি গুরুত্বপূর্ণ নদী শঙ্খ, মাতামুহুরী, বাঁকখালী ও রেজুখাল রয়েছে। যা পুরোপুরি দেশের ভেতরে প্রবাহিত। নদীর আশপাশের প্রাকৃতিক কাঠামো ও বন সংরক্ষণ করে বর্ষার পানি ধরে রাখা সম্ভব, যা বছরের বাকি সময়ের পানি সংকট দূর করতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, বান্দরবান জেলার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষাব্যবস্থা জবাবদিহিতার আওতায় আনা হবে এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও জনবল নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হবে। জেলা সদর হাসপাতালের যন্ত্রপাতি ও অবকাঠামোগত সংকট ধাপে ধাপে সমাধান করে পূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

সাচিং প্রু জেরী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬, ২০০১, ২০০৯ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

তিনি বান্দরবানকে বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জেলা হিসেবে পর্যটন শিল্পের মাধ্যমে বিকশিত করার পরিকল্পনা করেছেন। রিকশা, হোটেল, আবাসন ও অন্যান্য পর্যটন সেবা থেকে স্থানীয়রা উপকৃত হবেন।

এছাড়া তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলা হবে এবং দল সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একই দৃষ্টিভঙ্গি বজায় রাখছে।

প্রসঙ্গত, বান্দরবান জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের আবু সাঈদ মো. সুজাউদ্দীন ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের আবু জাফর মো. ওয়ালী উল্লাহ।

ভিডিও