রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

‘সমুদ্রের বুকে নির্মিতব্য কক্সবাজার বিমানবন্দর রানওয়ের কিছুই সরানো যাবে না’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫০

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য এয়ার কমোডোর নুর ই আলম জানিয়েছেন, সমুদ্রের বুকে তৈরি হওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরানো যাবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনফারেন্স হলে গণশুনানিতে তিনি একথা বলেন।

বেবিচক সদস্য বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নিয়ে বিআইডব্লিউটিএ যে সুপারিশ করেছে, তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সবার সঙ্গে আলোচনা করেই কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে তৈরি করা হয়েছে। এটির কারণে তো নৌ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।’

তিনি বলেন, ‘বেবিচক সব ধরনের কাজ সম্পন্ন করেছে কক্সবাজার বিমানবন্দরের। সরকার চাইলে যেকোনো মুহূর্তে আন্তর্জাতিকমানের ঘোষণা দিতে পারে।’

গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নুরুল হুদা, বেবিচক এর পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ও উপ-সচিব সানিউল ফেরদৌস।

এছাড়া অনুষ্ঠানে সাধারণ যাত্রী ও বিমান পরিবহন সংশ্লিষ্টরা অংশ নেন।

ভিডিও