রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শনিবার বন্দরের অপারেশনাল কাজ বন্ধের ঘোষণা শ্রমিক দলের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৪

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি বাতিলের দাবিতে শনিবার থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নগরের আগ্রাবাদের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রশাসনিক ও অপ্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

যদি এর মধ্যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে রোববার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধও হতে পারে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, সারাদেশ নির্বাচনী ডামাডোলের মধ্যে আছে৷ এর ফাঁকে সরকার চট্টগ্রাম বন্দর এবং দেশের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা এ প্রক্রিয়ার বিরুদ্ধে গত দেড় বছর ধরে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এনসিটি বিদেশিদের হাতে দেওয়া চরম আত্মঘাতী একটি সিদ্ধান্ত। এর মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চরমভাবে হুমকির সম্মুখীন হবে।

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মূল ভবনে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক শ্রমিক।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের (সাবেক সিবিএ) অন্যতম নেতা মো. হুমায়ুন কবীর, ইব্রাহীম খোকন, মো. হারুন, তসলিম হোসেন সেলিম প্রমুখ।

ভিডিও