রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মিরসরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দু’জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:১০

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া ট্রাকের চাপায় এক মাদ্রাসাছাত্রী ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, তাদের মধ্যে নিহত শিক্ষার্থীর দুই বোনও রয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া দাখিল মাদ্রাসার পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসাছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫)। তিনি জাহেদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। নিহত অপরজন পথচারী তরুণ, তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাত ধরাধরি করে তিন বোন বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। মহাসড়ক পার হয়ে তারা মাদ্রাসার ফটকের কাছাকাছি পৌঁছালে দ্রুতগতির গোখাদ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটি তিন বোনসহ কয়েকজন পথচারীকে চাপা দিয়ে নিজেও পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন খাদিজার বোন তৌফিয়া তাবাসসুম (১৩) ও উম্মে হাবিবা (১১), পথচারী আবুল খায়ের (৪০) এবং আরও দুইজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ শুরু করে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ভিডিও