চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপে এক ছাত্রী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর মুখে গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকার কাছে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম ইমু মনি জ্যোতি। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জ্যোতি ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসগামী একটি শাটল ট্রেনে যাত্রা করছিলেন। ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মুখে আঘাত করে। এতে নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত গভীর ক্ষত সৃষ্টি হয়।
সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একজন ছাত্রীকে আনা হয়েছিল। পাথর লাগার কারণে তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে গেছে। ক্ষতটি গভীর হওয়ায় আমরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।