রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আমরা একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করতে চাই:  শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের আন্দোলনের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে থাকবে না কোনো বৈষম্য; থাকবে না হিংসা, বিদ্বেষ ও মারামারি। আমরা এমন একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করতে চাই। যেখানে সব মানুষের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব জীবন নিশ্চিত হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত গণসংযোগ ও বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এলাকার সার্বিক উন্নয়ন ও স্থায়ী শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হয়, তাহলে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদের বিদায় ঘটবে। তখন আর কোনো দল বা গোষ্ঠী দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।

তিনি আরও বলেন, যারা গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তারা মূলত নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। তাদেরকে ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে।

পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, কলাউজান জামায়াতের আমীর ডাক্তার সিদ্দিক আহমদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ও কলাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন সেক্রেটারি রেজাউল করিম, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ, নায়েবে আমীর নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মো. শাহেদ, অ্যাডভোকেট মারুফ বিন কবির, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ কান্তি দাশসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার কামাল ও কুতুব উদ্দিন, নুরুল আমিন, আবুল মনসুর, শামসুল ইসলাম সওদাগর, তারেক বিন কবির, কফিল উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা এইচ আর শহিদ।

ভিডিও