মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীস্থল এলাকায় কেউড়া বাগানে এ ঘটনা ঘটে।
আহত গুলিবিদ্ধ কিশোররা হলো– হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল (১৩); ওবাইদ উল্লাহ (১৫)।
আহত গুলিবিদ্ধ সোহেলের মামা ইসমাইল বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে আহত দুজনই আমার আত্মীয়। সকালে তারা হোয়াইংয়ে ঝিমংখালী এলাকায় কেউড়া বাগানে লাকড়ি কুড়াতে যায়। সে সময় মিয়ানমার থেকে ছোড়া একাধিক গুলিতে তারা আহত হয়। পরে তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে নেওয়া হয়। একজনের পা ও বুকে এবং অন্যজনের বুকে গুলি লাগে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়া চট্টগ্রামে রেফার করা হয়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভয়ভীতি মধ্যে রয়েছে।’
র্যাব ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে সকালে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। কিন্তু এ দুজন মিয়ানমারে সীমানায় গিয়ে আহত হয়েছে। তবু বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। পাশ সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে।’