রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

নিখোঁজের ৫ দিন পর খালে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩২

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত রাজু মিয়া ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে। ইউনিয়ন পরিষদের সদস্য সোয়েব সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজু প্রতিবেশী এক স্কুলছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। তবে অভিযোগ অনুযায়ী, বৈঠকে বনিবনা হলেও ফিরোজ আহমেদ বিষয়টি মেনে নিতে পারেননি। বৈঠকের দিনই রাতের বেলা অভিযুক্ত ফিরোজ আহমেদ রাজুকে ঘর থেকে ডেকে এনে অন্যান্য সহযোগীদের সহায়তায় অপহরণ করেন। এরপর থেকে রাজুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পাঁচ দিন পর সোমবার সকালে তার মরদেহ খালে ভাসতে পাওয়া যায়।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও