আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি বুধবার ও ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য।
আবার নির্বাচনের পরের দিন শুক্রবার ও শনিবার সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মজীবীরা দুইদিন সাপ্তাহিক ছুটি ভোগ করেন। ফলে অধিকাংশ কর্মজীবী একটানা পাঁচ দিন ছুটি পেতে যাচ্ছেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি- বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।