চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
গণসংযোগে আমীর খসরু বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক ট্রেডিং পোর্টে রূপান্তর করা হবে। পাশাপাশি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক হাবে পরিণত করা হবে, যেখান থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালিত হবে। বন্দরকেন্দ্রিক আধুনিক ওয়্যারহাউজ, কন্টেইনার ডিপো, শিপিং সার্ভিস এবং আন্তর্জাতিক মানের লজিস্টিক্যাল সুবিধা গড়ে তোলা হবে।’
তিনি বলেন, চট্টগ্রাম স্বাভাবিকভাবেই দেশের ট্রেডিং পোস্ট ও ম্যানুফ্যাকচারিং সেন্টার হিসেবে গড়ে উঠবে। তাই আলাদা করে বাণিজ্যিক রাজধানী ঘোষণার প্রয়োজন নেই।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এবারের নির্বাচন গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মানুষের দোরগোড়ায় গিয়ে বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে হবে।
নগরীর ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বন্দর নিমতলা খালপাড় এলাকা থেকে তার নির্বাচনী গণসংযোগ শুরু হয়। সকাল থেকে শুরু হওয়া এই গণসংযোগে তিনি নিমতলা খালপাড়, পূর্ব ও পশ্চিম নিমতলা, সিডিএ ৯ নম্বর ব্রিজ, রোহিঙ্গা পাড়া, হিন্দু পাড়া, ৩ নম্বর ফকিরহাট পশ্চিম গোসাইলডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, নারী, যুবক, প্রবীণ ও সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।